টঙ্গীতে বিএনপির মিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত অন্তত ৫০

গাজীপুর, ৯ ফেব্রুয়ারি – গাজীপুরের টঙ্গীতে নির্বাচনী প্রচারণার মিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় শিশুসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
সোমবার বিকেলে গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনী মিছিলে টঙ্গীর হোন্ডা রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতদের মধ্যে রমজান, হৃদয়, মারুফ, আকাশ, হাসমত আলী, সিয়াম, রাব্বি, রুবেল, মোস্তাকিম ও ইমরানসহ অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে গুরুতর অবস্থায় অন্তত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধানের শীষের প্রার্থীর মিছিলে অংশ নিতে নেতাকর্মীরা টঙ্গীবাজার বাটা গেট এলাকায় সমবেত হন।
একপর্যায়ে হোন্ডা রোডের মাথায় বিএনপি কার্যালয়ের সামনে মিছিলের জন্য রাখা গ্যাস বেলুন হঠাৎ বিস্ফোরিত হলে উপস্থিত নেতাকর্মীদের হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, বিস্ফোরণে দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে, তবে বর্তমানে তারা শঙ্কামুক্ত। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









