ফেব্রুয়ারির ৮ দিনেই এলো ১.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – ফেব্রুয়ারি মাসের প্রথম আট দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে দেশে মোট ১ বিলিয়ন ৩২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৯ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে কেবল ৮ ফেব্রুয়ারি তারিখেই দেশে ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অথচ গত বছর ১ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৬৭১ মিলিয়ন মার্কিন ডলার। এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে মোট ২০ বিলিয়ন ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬ বিলিয়ন ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার। যা চলতি অর্থবছরে ২৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









