চট্টগ্রাম

চট্টগ্রাম-১১ আসনের উন্নয়নে ১১ দফা ইশতেহার ঘোষণা করলেন আমীর খসরু

চট্টগ্রাম, ৯ ফেব্রুয়ারি – বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের গ্রহণ করবে না। তিনি বিশ্বাস করেন দেশের জনগণ অত্যন্ত সজাগ এবং তারা আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটের মাধ্যমে জবাব দেবে।

সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদিবাগস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ১১ আসনের উন্নয়নে তিনি ১১ দফা পরিকল্পনা তুলে ধরেন। আমীর খসরু বলেন, অনেকেই নির্বাচন চায়নি এবং নির্বাচনের প্রতি তাদের আস্থা ছিল না। আবার নির্বাচনে গিয়ে তারা বিভিন্ন কথা বলছে যা ভালো লক্ষণ নয়। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে জনগণের আস্থা আবারও বিএনপির ওপরই থাকবে। সরকার গঠন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি যদি প্রয়োজন মনে করে তবে ঐকমত্যের সরকার গঠনের কথা ভাববে। ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দল জনগণের কাছে দায়বদ্ধ। তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে যারা সংহতি প্রকাশ করবে, তাদের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে।

নির্বাচিত হলে চট্টগ্রাম ১১ আসনে ১১টি অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এসব পরিকল্পনার মধ্যে প্রথমেই রয়েছে ১ হাজার ২০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক ও জনবান্ধব হাসপাতাল নির্মাণ। সেখানে স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা, জরুরি বিভাগ ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া অন্যান্য অঙ্গীকারের মধ্যে রয়েছে তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতা সৃষ্টি, এলাকাকে নিরাপদ রাখা ও আইন শৃঙ্খলা জোরদার করা। তিনি তীব্র পানি সংকট নিরসন, জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, যানজটমুক্ত নগর, পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং বন্দর ব্যবস্থার আধুনিকায়নের কথাও উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু উপস্থিত ছিলেন।

এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language