ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় পিসিবিকে এমিরেটস বোর্ডের চাপ

পাকিস্তান, ৯ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি না খেলার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। পাকিস্তান সরকারের নির্দেশে মহসিন নাকভি শুরুতে অনড় অবস্থানে থাকলেও বর্তমানে সেই সিদ্ধান্তে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। লাহোরে আইসিসির সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। এবার ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পিসিবিকে চাপ দিচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এমিরেটস বোর্ড পিসিবিকে একটি ইমেইল পাঠিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। ওই চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয় যে বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচটি মাঠে না গড়ালে বিশ্ব ক্রিকেট বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। এমিরেটস বোর্ড পাকিস্তানের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে জানায় অতীতে তারা পাকিস্তানের ভেন্যু হিসেবে কাজ করেছে এবং ক্রিকেটের স্বার্থে পাশে ছিল। তারা সতর্ক করে দেয় যে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত কেবল ক্রিকেটকেই বিপদে ফেলবে না বরং আইসিসির সহযোগী দেশগুলোকেও চরম আর্থিক ভোগান্তিতে ফেলবে। এমিরেটস ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশ্বির উসমানি এই সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন।
এদিকে লাহোরে অনুষ্ঠিত পিসিবি ও আইসিসির বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন তিনটি শর্ত পূরণ এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের চূড়ান্ত অনুমতি পেলেই তারা এই ম্যাচ খেলার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। এর আগে শ্রীলঙ্কাও আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তানকে ম্যাচ বয়কট না করার অনুরোধ জানিয়েছিল।
এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









