চট্টগ্রাম

নির্বাচনকালীন পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রাম পুলিশের আধুনিক কমান্ড ও কন্ট্রোল রুম স্থাপন

চট্টগ্রাম, ৯ ফেব্রুয়ারি – নির্বাচনকালীন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং নিয়ন্ত্রণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ একটি সমন্বিত অপারেশন্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম স্থাপন করেছে। সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত এই অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

তাঁরা সেখানে স্থাপিত বডি ওর্ন ক্যামেরা ওয়ার্কস্টেশন, লাইভ লোকেশন মনিটরিং সিস্টেম এবং ডিজিটাল অপারেশনাল ম্যাপসহ নির্বাচনকালীন সার্বিক পর্যবেক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশের প্রস্তুতি, সক্ষমতা ও পেশাদারিত্বের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। জেলা পুলিশের কর্মকর্তারা জানান যে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১১৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং পার্টিকে এই নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলার ১৭টি থানার সব ওসিসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা রিয়েল টাইমে প্রতিটি মোবাইল টিম ও স্ট্রাইকিং পার্টির কার্যক্রম পর্যবেক্ষণ করতে সক্ষম হচ্ছেন।

এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যবহৃত ৪৬৯টি বডি ওর্ন ক্যামেরা অনলাইনে যুক্ত রয়েছে এবং এসব ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে। প্রয়োজনে সরাসরি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া সম্ভব হবে। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে ওয়াকিটকি সাব স্টেশন স্থাপন করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট স্থানে দ্রুত পাঠানোর নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন যে সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয় নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রিসাইডিং অফিসারদের যোগাযোগসংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language