লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, মহাসড়ক অবরোধ

লালমনিরহাট, ৯ ফেব্রুয়ারি – লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাব আহম্মেদের গাড়িবহর জোড়াপুকুর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
এতে প্রার্থীর ব্যক্তিগত গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রার্থীসহ তাঁর কয়েকজন কর্মী-সমর্থক আহত হন বলে অভিযোগ উঠেছে। হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ সমর্থকরা বুড়িমারী–পাটগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়লে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতীবান্ধা থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়।
স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদ এই ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানিয়েছেন, প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং অবরোধ তুলে নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









