গবেষণা

চাঁদে আছড়ে পড়তে পারে বিশাল গ্রহাণু, পৃথিবী থেকে দেখা যাবে আলোর ঝলক

 

চাঁদ, ৮ ফেব্রুয়ারি – মহাকাশ গবেষকরা একটি বিশাল গ্রহাণু বা অ্যাস্টেরয়েড শনাক্ত করেছেন যা দ্রুতগতিতে চাঁদের দিকে ধেয়ে আসছে। ‘অ্যাস্টেরয়েড ২০২৪ ওয়াইআর৪’ নামের এই মহাজাগতিক বস্তুটি যদি চাঁদের পৃষ্ঠে আঘাত হানে, তবে পৃথিবী থেকেও এক অভূতপূর্ব দৃশ্য দেখা যেতে পারে।

বিজ্ঞানীদের মতে, সংঘর্ষের ফলে সৃষ্ট উজ্জ্বল আলোর ঝলক পৃথিবী থেকে খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ৬০ মিটার প্রস্থের এই গ্রহাণুটি একটি বহুতল ভবনের সমান প্রশস্ত। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০৩২ সালের ২২ ডিসেম্বর এটি চাঁদের বুকে আছড়ে পড়তে পারে। বর্তমানে এই সংঘর্ষের সম্ভাবনার হার প্রায় ৪ দশমিক ৩ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। গবেষণায় উঠে এসেছে, যদি সত্যিই এই আঘাত ঘটে তবে চাঁদের বুকে প্রায় এক কিলোমিটার চওড়া বিশাল গর্ত বা ক্রেটার তৈরি হবে। সংঘর্ষের মুহূর্তে যে তীব্র আলো উৎপন্ন হবে, তা শুক্র গ্রহের মতোই উজ্জ্বল হতে পারে এবং কয়েক মিনিট ধরে স্থায়ী হতে পারে।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই সংঘর্ষে বিপুল পরিমাণ শক্তি নির্গত হবে যা একটি বড় পারমাণবিক বোমা বিস্ফোরণের সমতুল্য হতে পারে। ঘটনার পরবর্তী কয়েক ঘণ্টা ইনফ্রারেড বা তাপীয় তরঙ্গ নির্গত হতে পারে যা বিশেষ যন্ত্রে ধরা পড়বে। যদিও এই মহাজাগতিক ঘটনাটি পৃথিবীর জন্য সরাসরি কোনো বিপদ ডেকে আনবে না, তবুও চাঁদের পৃষ্ঠ থেকে ছিটকে আসা ধূলিকণা ও পাথরের টুকরো মহাকাশে থাকা বিভিন্ন কৃত্রিম উপগ্রহের জন্য ঝুঁকির কারণ হতে পারে। প্রাথমিকভাবে এটিকে পৃথিবীর জন্য হুমকি মনে করা হলেও, পরবর্তীতে বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে পৃথিবী সম্পূর্ণ নিরাপদ। গ্রহাণুটির গতিপথ ও আঘাতের সম্ভাবনা আরও নিশ্চিত হতে নাসা তাদের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে আগামী ফেব্রুয়ারি মাসে বিশেষ পর্যবেক্ষণ চালাবে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language