চট্টগ্রাম বিভাগ

সন্দ্বীপে নির্বাচনী প্রচারের গাড়ির সামনে আগুন দিয়ে টিকটক, চালকের কারাদণ্ড

চট্টগ্রাম, ৮ ফেব্রুয়ারি – চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণের দায়ে এক যুবককে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তফসির আলম এবং তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এই দণ্ডাদেশ প্রদান করেন। জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় চট্টগ্রাম ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন শিকদারের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি মাইকসহ অটোরিকশা থামানো হয়। এরপর চালক তফসির পাশের জমি থেকে খড় সংগ্রহ করে সেই গাড়ির সামনে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন সহকারী কমিশনার। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তফসিরকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তফসির জানান, মূলত আগুন পোহানো এবং টিকটক ভিডিও তৈরির উদ্দেশ্যেই তিনি ওই আগুন জ্বালিয়েছিলেন। এই ঘটনায় জড়িত অপর এক কিশোরকে আটক করা হলেও বয়সের বিবেচনায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language