নারায়নগঞ্জ

মানহানির অভিযোগে বিএনপি জোট প্রার্থী মুফতি কাসেমীর বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জ, ৮ ফেব্রুয়ারি – মানহানির অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম নামক সংবাদমাধ্যমের সাংবাদিক মো আকাশ বাদী হয়ে এই মামলার আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী সাংবাদিক মো আকাশ অভিযোগে উল্লেখ করেন যে নির্বাচনী প্রচারণাকালে প্রকাশ্যে নারী ভোটারদের টাকা দেওয়ার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।

এই ঘটনার সংবাদ প্রকাশের জেরে কাসেমী ও অজ্ঞাতনামা বিবাদীরা পরস্পর যোগসাজশে নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল এর বিরুদ্ধে অসত্য এবং মানহানিকর তথ্য প্রচার করেছেন বলে অভিযোগে জানানো হয়। বাদী পক্ষের দাবি বিবাদীদের এমন কর্মকাণ্ডে সংবাদমাধ্যমটির চরম মানহানি হয়েছে এবং এতে এক কোটি টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম জানান মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচনী এলাকায় অভিভাবকদের টাকা প্রদান করেন যা ক্যামেরায় ধরা পড়ে এবং বিধি মোতাবেক তাকে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়। তিনি আরও জানান দেশের বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রচারিত হলেও মনির হোসাইন কাসেমীর বিভিন্ন ফ্যান পেজ থেকে দাবি করা হয় যে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম মিথ্যা সংবাদ ছেপেছে। সংবাদমাধ্যমটির বিরুদ্ধে এমন আপত্তিকর বক্তব্য প্রচারের ফলেই এই মানহানি মামলাটি দায়ের করা হয়েছে।

এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language