বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক

যশোর, ৮ ফেব্রুয়ারি – যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডল ট্যাবলেটসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
শনিবার দুপুরে বেনাপোল আইসিপির আমদানি ও রপ্তানি গেট এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. আনার গাজী এবং তার বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার মনিগ্রাম সুখপুকুর এলাকায়। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই ট্রাকে তল্লাশি চালায় এবং ট্রাকের ভেতর থেকে ১ হাজার ৬০০ পিস ট্যাপেন্ডল ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এ এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









