ফেনী

হলফনামায় নেই ডিগ্রি, তবু নামের আগে ‘ডাক্তার’: জামায়াত প্রার্থীকে শোকজ

ফেনী-৩, ৮ ফেব্রুয়ারি – ফেনী-৩ বা দাগনভূঞা ও সোনাগাজী আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়েছে। নির্বাচনী হলফনামায় উল্লেখ না থাকলেও প্রচারণায় নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটির বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা এই নোটিশ প্রদান করেন।

গত বৃহস্পতিবার এই শোকজ নোটিশ জারি করা হলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জানাজানি হয়। নোটিশে উল্লেখ করা হয় যে নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয় ফখরুদ্দিন মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যবহৃত তার পোস্টার ও লিফলেটসহ বিভিন্ন প্রচারণায় নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন।

অথচ তার দাখিলকৃত নির্বাচনী হলফনামায় এই ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা বা পদবির উল্লেখ নেই যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে আরও জানানো হয় এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না সে বিষয়ে প্রার্থীর লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি রোববার বেলা সাড়ে ১১টায় ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত নেতা ফখরুদ্দিন আহম্মদ মানিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মিডিয়া প্রতিনিধি জানান যে শোকজের বিষয়টি সম্পর্কে তারা এখনো কিছু জানেন না।

এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language