দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর রবিবার থেকে

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার থেকে সারাদেশে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এর ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা করা হয়েছে। স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ১৯০ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









