বিএনপিসহ ৮ দলের প্রধানের বক্তব্য বিটিভিতে প্রচারের নির্দেশ ইসির

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপিসহ মোট আটটি রাজনৈতিক দলের প্রধানদের বক্তব্য রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের কাছে পাঠানো একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারণকৃত বক্তব্য প্রচারের জন্য বিটিভিকে নির্দেশ দিয়েছিল কমিশন।
নির্দেশনা অনুযায়ী যেসব দলের প্রধানদের বক্তব্য প্রচার হবে, সেগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
চিঠিতে বলা হয়েছে, এসব দলের প্রধানদের বক্তব্য প্রচারের জন্য প্রয়োজনীয় সব ধরনের কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
ইসি সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী প্রচারণায় সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমানের বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই বলে কমিশন আগে সম্মতি দেওয়ার পর অন্য দলগুলোও তাদের প্রচারণার অংশ হিসেবে একই দাবি তোলে। ১০ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার সময় শেষ হওয়ার আগেই এসব বক্তব্য ধারাবাহিকভাবে বিটিভিতে প্রচার করা হবে।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









