ইউরোপ

জুনের মধ্যেই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র, মায়ামিতে বৈঠকের প্রস্তাব

কিয়েভ, ৭ ফেব্রুয়ারি – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র আগামী জুনের মধ্যেই রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চায়। এই লক্ষ্যে আলোচনার জন্য আগামী সপ্তাহে ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেলেনস্কি জানান আমেরিকা প্রথমবারের মতো প্রস্তাব দিয়েছে যে দুই দেশের আলোচনাকারী দলগুলো এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসবে। সম্ভাব্য ভেন্যু হিসেবে মায়ামির কথা উল্লেখ করা হয়েছে এবং ইউক্রেন তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই এই সংঘাতের অবসানের জন্য চাপ দিয়ে আসছেন। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে যার ফলে তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট বাড়ছে।

শনিবার জেলেনস্কি জানান আলোচনায় প্রথমবারের মতো নেতাদের মধ্যে সম্ভাব্য একটি ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়েও কথা হয়েছে। তিনি সতর্ক করে বলেন যে এ ধরনের বৈঠকের আগে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা জরুরি।

যুদ্ধ শেষ করার সময়সীমা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান আমেরিকানরা জুনের মধ্যেই সবকিছু সম্পন্ন করতে চায়। তিনি মন্তব্য করেন যে গ্রীষ্ম শুরুর আগেই কেন এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা তারা বুঝতে পারছেন এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়গুলো এতে প্রভাব ফেলছে।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language