জাতীয়

নির্বাচন উপলক্ষে সারা দেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সবাই যেন সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে শিল্পকারখানার শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিন দিন ছুটি পাবেন।

সরকার জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকে। এর পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিন ছুটি থাকছে।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language