আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার, ৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার তার নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন। এ উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১ দলীয় জোটের উদ্যোগে কুলাউড়া শহরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী জানান, শনিবার সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। একই দিনে সিলেট বিভাগে নির্ধারিত চারটি কর্মসূচির অংশ হিসেবে তিনি হবিগঞ্জ ও সুনামগঞ্জের কর্মসূচি শেষে সিলেট আলিয়া মাদরাসা মাঠের জনসভায় অংশ নেবেন।
তিনি আরও বলেন, নিজ জন্মভূমিতে জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াসহ পুরো জেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে জামায়াত ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
আমিরের আগমন উপলক্ষে অনুষ্ঠিত প্রচার মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামির আলী, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার দুপুরে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখা। সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ আসনের (দাঁড়িপাল্লা) প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
এদিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, জামায়াত আমিরের আগমন ও জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলে পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে তিনি জানান।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









