নারায়ণগঞ্জে পার্লারের টয়লেট থেকে নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জ, ৬ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি নামের এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে ‘পরী বিউটি পার্লার’ নামের ওই প্রতিষ্ঠান থেকে ৩৮ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কামরুন নাহার ইতি ওই বিউটি পার্লারের মালিক ছিলেন এবং তিনি এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামীর সঙ্গে বসবাস করতেন।
পুলিশ সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিলেন এবং এ নিয়ে তার ভাই ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টয়লেটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬








