নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে নব্য গডফাদার প্রতিরোধের ডাক দিলেন বিএনপি প্রার্থী মান্নান

নারায়ণগঞ্জ-৩, ৬ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান মন্তব্য করেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ এক গডফাদারের আতঙ্কে জিম্মি অবস্থায় ছিল। তিনি পালিয়ে যাওয়ার পর বর্তমানে সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন নব্য গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন। মান্নান ভোটারদের উদ্দেশ্যে বলেন, এই নব্য গডফাদারকে প্রতিহত করতে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে এই আসনটি উপহার দিতে হবে। তিনি আরও অভিযোগ করেন যে সিদ্ধিরগঞ্জের পুরো এলাকায় সন্ত্রাস, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, ইপিজেডের ব্যবসা নিয়ন্ত্রণ এবং শীতলক্ষ্যা নদীর কাঁচপুর সেতুর নিচে বালু ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অবৈধ পন্থায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

ভোটাররা এসব নব্য গডফাদারদের কোনোভাবেই গ্রহণ করবেন না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর মতে সাধারণ মানুষের কাছে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গিয়াসউদ্দিন প্রত্যাখ্যাত হয়েছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ তাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। উক্ত গণসংযোগকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language