পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ ইনকিলাব মঞ্চের

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার বিকাল সাড়ে ৫টার পর তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সব রুটে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা হাদি হত্যার বিচার এবং পুলিশের অ্যাকশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের একটি মিছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পুলিশের এই অ্যাকশনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









