জাতীয়

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই ও বেসরকারি বিশ্ববিদ্যালয় করমুক্ত করার প্রতিশ্রুতি বিএনপির

রাজধানী, ৬ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন।

ঘোষিত ইশতেহারে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুল ড্রেস প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াই-ফাই সুবিধাসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা বাড়াতে স্কুল ও কলেজসহ লাইব্রেরিগুলোতে ফ্রি ওয়াই-ফাই চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে যা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কাজে সহায়তা করবে এবং ডিজিটাল বৈষম্য কমাতে ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের সরকারিভাবে বিনা মূল্যে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনার কথাও জানিয়েছে দলটি। উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে করমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

ইশতেহারে উল্লেখ করা হয় যে বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় ১৯৯১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হওয়ার পর থেকে দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণে এই প্রতিষ্ঠানগুলো অসামান্য অবদান রেখে আসছে। মেধা পাচার বা ব্রেন ড্রেন রোধ করে বিদেশি মুদ্রা সাশ্রয় এবং দেশি প্রতিভাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করে করমুক্ত সুবিধা দেওয়া হবে। শিক্ষার গুণগত মান বাড়াতে বিএনপি আনন্দময় শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে যেখানে ষষ্ঠ শ্রেণি থেকে দলগত কাজ ও ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়নের ওপর জোর দেওয়া হবে।

কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, কোরিয়ান ও ম্যান্ডারিনসহ বিভিন্ন তৃতীয় ভাষা শিক্ষা মাধ্যমিক পর্যায় থেকে চালু করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষেই নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে সারা দেশে পর্যায়ক্রমে প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার বা মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language