জাতীয়

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

বাংলাদেশ, ৫ ফেব্রুয়ারি – বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ এর ধারা ৬ এর উপধারা ১ অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশক্রমে এই নিয়োগ প্রদান করেছেন। কমিশনের অন্য সদস্যদের মধ্যে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নুর খান ও নাবিলা ইদ্রিসকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ানকেও কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গত জুলাই ও আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেছিলেন। এরপর দীর্ঘ সময় কমিশন পুনর্গঠন করা হয়নি। অবশেষে অন্তর্বর্তী সরকার নতুন করে কমিশনের চেয়ারপারসন ও কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করল।

এ এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language