দক্ষিণ এশিয়া

মোবাইল কেড়ে নেওয়ায় ভারতে তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে অনলাইন আসক্তি

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি – ভারতে অনলাইনে গেম ও সিনেমা আসক্তি ঠেকাতে পরিবারের পক্ষ থেকে মোবাইল ও অন্যান্য ডিভাইস কেড়ে নেওয়ায় তিন বোন আত্মহত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের নয়াদিল্লির পার্শ্ববর্তী গাজিয়াবাদ শহরে।

পুলিশ জানিয়েছে ১২, ১৪ ও ১৬ বছর বয়সী ওই তিন বোন তাদের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারায়।

অনলাইন গেম ও সিনেমার ওপর অতিরিক্ত আসক্তির কারণেই তারা এমন চরম পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নিমিশ পাতিল নিশ্চিত করেছেন যে ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত ফোনগুলো পরীক্ষা করা হচ্ছে।

তদন্তে দেখা গেছে ওই তিন বোন কোরিয়ান সংস্কৃতি বিশেষ করে কে-পপ গান এবং কোরিয়ান নাটক ও গেমের প্রতি তীব্রভাবে আসক্ত ছিল। পাশাপাশি পরিবারটি আর্থিক সংকটে ভুগছিল বলেও ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী সম্প্রতি তাদের বাবা সন্তানদের কাছ থেকে ডিভাইস কেড়ে নেন এবং ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা দেন।

গত কয়েক দশকে ভারতে তরুণ প্রজন্মের মধ্যে কোরিয়ান সংস্কৃতির জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে শিশুদের স্ক্রিন আসক্তি ও অ্যালগরিদম নিয়ে উদ্বেগের মধ্যেই এই ঘটনা ঘটল।

উল্লেখ্য অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো দেশগুলো ইতিমধ্যে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language