উত্তর আমেরিকা

কানাডা দখলের পুরোনো মার্কিন পরিকল্পনা ও ট্রাম্পের মন্তব্যে নতুন শঙ্কা

যুক্তরাষ্ট্র, ৫ ফেব্রুয়ারি – মার্কিন সেনারা প্রথমে বিষাক্ত গ্যাস ব্যবহার করে হামলা চালাবে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরগুলোর দখল নেবে এবং সাগরের তলদেশের ক্যাবল কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেবে। সেতু, রেললাইন ও অবকাঠামো ধ্বংস করার পাশাপাশি বড় শহরগুলোর নিয়ন্ত্রণ নেওয়া হবে, যাতে কেউ প্রতিরোধ গড়তে না পারে। ১৯৩০ সালে কানাডা দখলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের তৈরি গোপন নথি ‘ওয়ার প্ল্যান রেড’-এ এমন চিত্রই আঁকা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্যের জেরে সেই পুরোনো ভীতি আবারও আলোচনায় এসেছে।

প্রতিবেদন অনুসারে, ১৯৩০ সালে পেন্টাগনের পরিকল্পনাকারীদের ধারণা ছিল, কানাডায় মার্কিন হামলাটি হবে স্বল্পস্থায়ী এবং কয়েকদিনের মধ্যেই দেশটির পতন ঘটবে। যদিও বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত বিশ্বের অন্যতম নিরাপদ ও দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা হিসেবে পরিচিত, তথাপি ট্রাম্পের মন্তব্যে অটোয়া বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ এবং দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গভর্নর’ হিসেবে অভিহিত করেছেন। এমনকি দুই দেশের বর্তমান রাজনৈতিক সীমানাকে তিনি ‘কৃত্রিম’ বলেও মন্তব্য করেছেন।

কানাডার দৈনিক দ্য গ্লোব অ্যান্ড মেইলের তথ্যমতে, সার্বভৌমত্বের প্রতি এমন চ্যালেঞ্জের মুখে কানাডীয় সেনাবাহিনী সম্প্রতি বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলার একটি কাল্পনিক মডেল তৈরি করেছে। সেখানে প্রচলিত যুদ্ধের পাশাপাশি গেরিলা যুদ্ধের কৌশল এবং আফগানিস্তানে রুশ ও মার্কিন সেনাদের হামলা ঠেকানোর পদ্ধতিগুলো অনুশীলন করা হয়েছে বলে জানা গেছে।

এসএএস/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language