ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়বে জামায়াত: ইশতেহার

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে বলে নিজেদের নির্বাচনি ইশতেহারে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সরকার গঠন করলে জামায়াতের পররাষ্ট্রনীতি কেমন হবে সে বিষয়ে ইশতেহারে স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে।
দলটি জানিয়েছে, বিশ্বে বাংলাদেশ ও নাগরিকদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও মান বাড়ানোর জোরালো উদ্যোগ নেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ওপর।
ইশতেহারে বলা হয়েছে ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডসহ প্রতিবেশী এবং নিকট প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে।
এছাড়া মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকার ভিত্তিতে জোরদার করার কথা জানিয়েছে দলটি। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডাসহ উন্নত বিশ্বের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একইসঙ্গে পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ রয়েছে ইশতেহারে।
এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









