ঢালিউড

ট্রল সংস্কৃতি ও শাকিব খান প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – বর্তমান সময়ের আলোচিত নানা ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি ট্রল সংস্কৃতি, জ্যেষ্ঠ শিল্পীদের প্রতি সম্মান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধনে অংশ নেওয়া নিয়ে খোলামেলা আলোচনা করেন।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস দৃঢ়ভাবে জানান, তার সঙ্গে কোনো ধরনের তুলনা বা অযৌক্তিক প্রশ্ন তোলা উচিত নয়। তিনি বলেন, শাকিব খান অনেক বড় মাপের একজন অভিনেতা এবং তার অবস্থান অনেক উঁচুতে। তাকে যথাযথ সম্মান জানানো উচিত। চলচ্চিত্র শিল্প এগিয়ে যাচ্ছে, এটিকেই সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ট্রল বা বিদ্রূপ প্রসঙ্গে অপু বিশ্বাস মন্তব্য করেন, সাধারণত পরিচিত মুখদের নিয়েই বেশি ট্রল তৈরি করা হয়। তার মতে, দেশের বরেণ্য ব্যক্তিত্বদের নিয়েও ট্রল হচ্ছে। যাদের চেহারা দর্শক বেশি চেনে, তাদের নিয়ে কনটেন্ট বানালে তা দ্রুত ভাইরাল হয় বলেই তাকে লক্ষ্যবস্তু করা হয়।

নিজের ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গিয়ে এই অভিনেত্রী জানান, তিনি বরাবরই স্পষ্টভাষী এবং সরল প্রকৃতির মানুষ। মিথ্যা বলার অভ্যাস তার নেই এবং দর্শকরাও তাকে একজন সহজ-সরল মানুষ হিসেবেই জানেন।

এছাড়া শোরুম উদ্বোধন বা ফিতা কাটা অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে যে সমালোচনা হয়, তারও জবাব দিয়েছেন অপু। তার মতে, কোনো কাজই ছোট নয়। শিল্পীদের উপস্থিতির মাধ্যমে সাধারণ মানুষ সম্পৃক্ত হন এবং একটি উদ্বোধনী অনুষ্ঠান থেকেও অনেকের কাছে বার্তা পৌঁছায়।

ট্রল সংস্কৃতি, সহশিল্পীদের প্রতি সম্মান এবং নিজের কাজ নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন ঢালিউডের এই তারকা।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language