ট্রাম্পকে হত্যাচেষ্টা: দোষী রিয়ান রুথের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা

ওয়াশিংটন, ৪ ফেব্রুয়ারি – ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ কোর্সে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে তাকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি বুধবার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। ৫৯ বছর বয়সী রিয়ান রুথ গত সেপ্টেম্বরে তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত হন।
ট্রাম্পের প্রাণনাশের এটি ছিল দ্বিতীয় চেষ্টা যার কয়েক মাস পরেই তিনি নির্বাচনে জয়ী হয়ে আবার হোয়াইট হাউসে ফিরে আসার ম্যান্ডেট পান। গত সেপ্টেম্বরে ট্রাম্প যখন ফ্লোরিডার ওই কোর্সে গলফ খেলছিলেন তখন রুথকে ঝোপের আড়ালে অস্ত্রসহ দেখতে পেয়ে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে ধাওয়া করেন এবং দ্রুত তাকে গ্রেপ্তার করা হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন এক পর্যায়ে রুথ একটি কলম দিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করেন কিন্তু নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে তাকে থামিয়ে দেন।
আদালতে দাখিল করা নথিতে প্রসিকিউটররা উল্লেখ করেছেন যে রুথের অপরাধ নিঃসন্দেহে যাবজ্জীবন কারাদণ্ডের যোগ্য কারণ তিনি মাসের পর মাস ধরে একজন প্রধান প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার পরিকল্পনা করেছেন। প্রসিকিউশন আরও জানায় যে তিনি পথে বাধা দেওয়া যে কাউকে হত্যা করার মানসিকতা পোষণ করতেন এবং তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে রুথ দাবি করেন যে ট্রাম্প বা অন্য কাউকে ক্ষতি করার কোনো ইচ্ছা তার ছিল না। উল্লেখ্য যে ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশেও ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল যেখানে থমাস ম্যাথিও ক্রুকসের ছোড়া একটি গুলি ট্রাম্পের ডান কানের পাশ ঘেঁষে যায়।
এ এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









