নরসিংদী

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিতে স্কুলশিক্ষার্থী নিহত

নরসিংদী, ৪ ফেব্রুয়ারি – নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই ঘটনায় দুই পক্ষের অন্তত তিনজন গুলিবিদ্ধসহ মোট ১০ জন আহত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়।

নিহত মুস্তাকিম সায়দাবাদ এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহতদের মধ্যে রয়েছেন সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫)। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিমকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষায় তার শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া যায় এবং গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গেছে বলে জানা যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language