হার্ভার্ডের কাছে ২০০ মিলিয়ন নয়, ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র, ৩ ফেব্রুয়ারি – দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের তহবিল হ্রাস এবং বিভিন্ন বিধিনিষেধ আরোপের মতো পদক্ষেপের পর এবার বিশ্ববিদ্যালয়টির কাছে বিপুল অংকের ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয় যে হার্ভার্ডের সঙ্গে দীর্ঘদিনের আইনি লড়াই অবসানে ট্রাম্প প্রশাসন ক্ষতিপূরণের অংক ২০০ মিলিয়ন ডলারে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছে। তবে প্রতিবেদনটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এর তীব্র প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট করে বলেন যে ২০০ বা ৫০০ মিলিয়ন নয় বরং তিনি হার্ভার্ডের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করবেন।
ট্রাম্প আরও জানান যে ভবিষ্যতে ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকার আর কোনো লেনদেন করবে না এবং পুরো বিষয়টিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে হার্ভার্ডকে তার পরিণাম ভোগ করতে হবে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ হলো হার্ভার্ডসহ সমমনা কিছু বিশ্ববিদ্যালয় তথাকথিত ওক সংস্কৃতির চর্চা করছে এবং ফিলিস্তিনপন্থি বিক্ষোভ চলাকালে ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগে প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। সমালোচকরা মনে করছেন এটি উদারপন্থি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের অযাচিত চাপ।
এর আগে কলাম্বিয়া ইউনিভার্সিটি ট্রাম্প প্রশাসনকে ২০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে এবং ভর্তির ক্ষেত্রে বিশেষ কোটা ব্যবস্থা বাতিলে সম্মত হয়েছে। এদিকে অভিবাসন নীতি ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসের নেতিবাচক পরিস্থিতির মধ্যেই হার্ভার্ডের সঙ্গে এই সংঘাত নতুন মাত্রা যোগ করেছে।
এস এ এস/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


