নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়বে না, সহিংসতা বাড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৩ ফেব্রুয়ারি – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে সহিংসতা কিছু ঘটছে বটে, তবে তা বৃদ্ধি পাচ্ছে না। তিনি জোর দিয়ে আশ্বস্ত করেছেন যে আসন্ন নির্বাচন কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে না।
মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ডের একটি পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কোস্টগার্ডের ৪০ জন কর্মকর্তা ও নাবিককে পদক প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, কোস্টগার্ড দেশের জন্য অনেক কাজ করলেও সবসময় তা গণমাধ্যমে উঠে আসে না।
বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে মাদকবিরোধী অভিযানে এবং বিদেশে আটক বাংলাদেশি জেলেদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এই বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে তিনি মন্তব্য করেন। নির্বাচনকে কেন্দ্র করে ১৫ জন নিহত হওয়ার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তুলনামূলক বিশ্লেষণের জন্য টিআইবি আগের নির্বাচনগুলোর বছরভিত্তিক তথ্যও উপস্থাপন করতে পারে।
তিনি প্রতিবেদনটি অস্বীকার না করলেও উল্লেখ করেন যে, অনেক সময় একই পক্ষ বা গোষ্ঠীর ভেতর সংঘর্ষ হয় যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তবে সামগ্রিক পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো বলে তিনি দাবি করেন। সাংবাদিকরা যখন সহিংসতা বাড়ার প্রসঙ্গ তোলেন, তখন তিনি পুনরায় বলেন যে সহিংসতা হচ্ছে ঠিকই, কিন্তু তা বাড়ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই মাঠে নেমেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
৫ আগস্টের পর উপকূলীয় অঞ্চল ও সুন্দরবন জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, এই ধারণাটি সঠিক নয়। তাঁর যুক্তি, সুন্দরবন জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকলে পর্যটকরা সেখানে যেতে পারতেন না। দুই একটি জায়গায় বিচ্ছিন্নভাবে জলদস্যু থাকলেও পুরো এলাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে বলে তিনি দাবি করেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি জানান, ৫ আগস্টের পর এবং তফসিল ঘোষণার পরও প্রতিদিনই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি সবাইকে ধৈর্য ধরার ও সচেতন থাকার আহ্বান জানান।
এস এ এস/ ৩ ফেব্রুয়ারি ২০২৬









