যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

তেহরান, ২ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পারমাণবিক আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপ এড়াতে তেহরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছিলেন।
ফার্সের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে যে ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে আলোচনা করবে, তবে আলোচনার কোনো সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
এই প্রতিবেদনটি ইরানের সরকারি পত্রিকা ইরান ও সংস্কারপন্থি দৈনিক শার্ঘ-এও প্রকাশিত হয়েছে।
এনএন/ ২ ফেব্রুয়ারি ২০২৬









