সোনার দাম কমে ভরি ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা
![]()
ঢাকা, ০২ ফেব্রুয়ারি – দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা, সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে একদিনের ব্যবধানে সোনার দামে একাধিকবার বাড়ানো ও কমানোর ঘোষণা আসে। সবশেষ ঘোষণায় আবারও দাম কমানো হলো।
এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরি ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা, সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হচ্ছে।
এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬









