মাদারীপুর

মাদারীপুরের আ’লীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

মাদারীপুর, ০১ ফেব্রুয়ারি – মাদারীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী, রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আল আমিন মোল্লা (৪৩)কে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আল আমিন মোল্লা মাদারীপুর সদর থানার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের রাজৈরের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হারুন উর রশীদের ছোট ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোর্তজা জানান, ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে থাকায় এবং তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার দেখিয়ে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ আল আমিন মোল্লাকে হস্তান্তর করেছে। মাদারীপুরের রাজৈর থানায় তার নামে মামলা থাকায় শনিবার রাতে তাকে ওই থানায় পাঠানো হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম জানান, যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতে যাওয়ার সময় আটক করে আমাদের জানালে রাতেই তাকে রাজৈর থানায় আনা হয়েছে।

এনএন/ ০১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language