শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’ হবে বলে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরলেন ডাকসু নেতা

ঢাকা, ৩১ জানুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা তাঁর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। নানা সমালোচনার মুখে গত বৃহস্পতিবার তিনি পদত্যাগের ঘোষণা দিলেও এখন তিনি মনে করছেন যে এভাবে সরে যাওয়াটা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল হবে।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষার্থীরা চাইছেন না তিনি পদত্যাগ করেন এবং তাঁর পদত্যাগ করাটাকে তাঁরা গণবিরোধী হিসেবে আখ্যায়িত করছেন। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে এবং বিরোধী পক্ষের কথায় কর্ণপাত না করে তিনি পুনরায় কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় তিনি দাবি করেন যে ডাকসুর গঠনতন্ত্র তাঁর এই পদত্যাগের বিষয়টিকে সমর্থন করে না। তবে গঠনতন্ত্রের ঠিক কোন ধারায় বিষয়টি উল্লেখ আছে তা জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
উল্লেখ্য, ডাকসুর গঠনতন্ত্রের ১২ এর খ ধারায় বলা হয়েছে যে কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা অপসারিত হলে প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে সেই শূন্য পদটি পূরণ করা হবে।
এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬









