নির্বাচন

ঢাকা-৮ আসন: অভিজ্ঞ রাজনীতিবিদ বনাম তরুণ নেতৃত্বের লড়াইয়ে উত্তপ্ত নির্বাচনী মাঠ

ঢাকা-৮, ৩০ জানুয়ারি – আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর প্রশাসনিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা ৮ আসনের দিকে দেশবাসীর বিশেষ নজর রয়েছে। রমনা, শাহবাগ, মতিঝিল, কাকরাইল ও মগবাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত এই আসনে অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তরুণ নেতৃত্বের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও এই আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নির্বাচনী পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছে। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে প্রচারণার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় এই আসনে শিক্ষিত ও তরুণ ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। ভোটাররা নির্বাচনের আগে সন্ত্রাস, চাঁদাবাজি, যানজট ও নিরাপত্তা সংকট নিরসনের দাবি জানাচ্ছেন।

এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দুইবারের সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস লড়ছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকার উন্নয়নের ফিরিস্তি নিয়ে। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতিনিধি হিসেবে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং গণঅধিকার পরিষদের মেঘনা আলম পরিবর্তনের ডাক দিয়ে মাঠে নেমেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন যে প্রচারণার সময় তার ওপর মির্জা আব্বাসের সমর্থকরা হামলা চালিয়েছে। তিনি বলেন, ভোটাররা প্রার্থীদের অতীত দুর্নীতি ও চাঁদাবাজির কথা ভোলেননি এবং তিনি তরুণদের কর্মসংস্থান ও সিস্টেম পরিবর্তনের লক্ষ্যে কাজ করবেন।

তবে মির্জা আব্বাস এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন যে প্রতিপক্ষ সহানুভূতি আদায়ের জন্য মিথ্যাচার করছে। তিনি নির্বাচিত হলে খেলার মাঠ উদ্ধার ও হাসপাতালের আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন। একমাত্র নারী প্রার্থী মেঘনা আলম ব্যক্তিগত আক্রমণ পরিহার করে পলিসিভিত্তিক বিতর্কের আহ্বান জানিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনটি ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন ভোটারের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

এস এ এস / ৩০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language