সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ঢাকা, ৩০ জানুয়ারি – বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গতকাল ঢাকা সেনানিবাসে সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, সাক্ষাৎকালে সেনাপ্রধান এবং মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দল একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। একই দিনে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
গতকাল বিমান বাহিনীর সদর দপ্তরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেয়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয় এবং সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল সিলেটে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে তিনি সিলেট এরিয়া পরিদর্শন করেন। মতবিনিময় সভায় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেন।
সেনাপ্রধান সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সিলেট বিভাগের সব জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সেনা সদস্যদের কার্যক্রমও তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সিলেট এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর সামরিক সচিব; কমান্ড্যান্ট, এসআইএন্ডটি; জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া ছাড়াও সেনাসদর ও সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।
এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬









