শেরপুরে জামায়াত নেতার মৃত্যুতে সরকারের উদ্বেগ ও সংযমের আহ্বান

ঢাকা, ২৯ জানুয়ারি – শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয় এবং প্রাণহানির এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করা হয়েছে।
জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকাবস্থায় সরকার বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে দলগুলোর সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার অনুরোধ জানিয়ে বলা হয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তাও জোরদার করা হয়েছে। সব রাজনৈতিক দল, নেতা ও নির্বাচনী প্রচারণায় যুক্ত সবার প্রতি শান্তি বজায় রাখা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপর জাতির ভবিষ্যৎ নির্ভরশীল উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে।
এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬









