চট্টগ্রাম

বাঁচানো গেল না রাউজানে গভীর নলকূপের গর্তে পড়া সেই শিশুটিকে

চট্টগ্রাম, ২৮ জানুয়ারি – চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া ৫ বছর বয়সী শিশু মিসবাহ আর বেঁচে নেই। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে গর্ত থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই দ্রুত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু মিসবাহ রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

উদ্ধার অভিযানের বিষয়ে রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম জানান, শিশুটি আনুমানিক ৩০ ফুট গভীর গর্তে পড়ে গিয়েছিল। বিশেষ যানের সহায়তায় মাটি কেটে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এর আগে বুধবার বিকেলে শিশুটি নলকূপের ওই গর্তে পড়ে যায়। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

বিকেলে গর্তে শিশু পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় জনতা টর্চলাইটের আলো ফেলে গর্তের ভেতরে শিশুটির অবস্থান বোঝার চেষ্টা করছেন। কেউ কেউ গর্তের ভেতরে লাঠি বা গাছের ডাল ঢুকিয়ে শিশুটিকে সেটি ধরে রাখার পরামর্শ দিচ্ছেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যান্ত্রিক উপায়ে মাটি সরিয়ে শিশুটিকে ওপরে তুলে আনেন।

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরেও একই ধরণের মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেখানে গভীর নলকূপের গর্তে পড়ে প্রাণ হারায় দুই বছরের শিশু সাজিদ। ওই ঘটনায় পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের টানা ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ১১ ডিসেম্বর শিশুটিকে উদ্ধার করা হয়, কিন্তু হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছিল।

এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language