নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা, ২৮ জানুয়ারি – নির্বাচন চলাকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে এই রিটটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে এর আগে জানানো হয়েছিল, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাটি আগামী ৩০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য জরুরি নির্দেশনা যথাসময়ে কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত ৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। এখন নির্বাচনের কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রার্থীরা।
এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬









