রমজানে পণ্যের দাম কম থাকবে, সরবরাহও স্বাভাবিক

ঢাকা, ২৫ জানুয়ারি – দেশে রমজানের পণ্যের কোনো সরবরাহ সংকট নেই, বরং আমদানি গত বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি হয়েছে। এই কারণে আসন্ন রমজানে পণ্যের দাম গত বছরের তুলনায় কম থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার (২৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য।
বৈঠকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা বর্তমান বাজারের স্থিতি এবং উৎপাদন ও আমদানির পরিমাণের বিশ্লেষণ করেছি। দেখা গেছে, গত বছরের তুলনায় এই বছরের রমজানের বাজার আরও বেশি স্থিতিশীল থাকবে। তিনি আরও বলেন, গড় আমদানির পরিমাণ ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। সামগ্রিকভাবে মূল্য স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে এবং আশা করা যায় বাজার স্থিতিশীল থাকবে।
তিনি যোগ করেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় প্রতিদিন বাজার মনিটরিং করা হয়। তাছাড়া ভোক্তা অধিদপ্তর রমজানে যেসব পদক্ষেপ গ্রহণ করে, তা আরও জোরদার করা হয়। এবছরও সেই কার্যক্রম চলবে।’
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, আজ আমরা রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে এবং মূল্যও গত বছরের মতো বা কিছু ক্ষেত্রে কিছুটা কম। সরবরাহে কোনো অসুবিধা হবে না।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা নিশ্চিত করেছেন যে মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আমরা আশা করছি, গত বছরের মতো এবারও এমন একটি রমজান হবে যেখানে পণ্যের কোনো অভাব দেখা দেবে না।
এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬









