আইন-আদালত

আবু সাঈদ হত্যা মামলায় আজ তৃতীয় দিনের রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক

ঢাকা, ২৫ জানুয়ারি – জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) যুক্তিতর্ক আজ (রোববার, ২৫ জানুয়ারি) উপস্থাপন করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে এ শুনানি অনুষ্ঠিত হবে। আদালত সূত্রে জানা গেছে, এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার অবশিষ্ট যুক্তি, সাক্ষ্যপ্রমাণ ও আইনি বিশ্লেষণ তুলে ধরা হবে।

গত ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। এরপর ২২ জানুয়ারি প্রসিকিউটর মিজানুল ইসলাম দিনের পুরো সময় জুড়ে সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত ও নথিপত্রসহ বিভিন্ন প্রমাণ উপস্থাপন করেন। আদালত ওই দিনের কার্যক্রম শেষে শুনানি আজ পর্যন্ত মুলতবি করেছিলেন। টানা তিন দিনের এই যুক্তিতর্ক পর্ব শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবেন, এরপরই রায়ের ধাপ শুরু হবে।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ১৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরা সম্পন্ন হয়েছে। প্রসিকিউশনের পক্ষে মোট ২৫ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। ৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেপ্তার রয়েছেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। অন্য ২৪ আসামি পলাতক, তাদের পক্ষের আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করা হয়। তদন্ত সংস্থা ২৪ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় এবং ৩০ জুন আদালত অভিযোগ আমলে নেয়।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language