নরসিংদী

গভীর রাতে নরসিংদীতে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যা, তদন্তে পুলিশ

নরসিংদী, ২৫ জানুয়ারি – নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামের এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে ক্লান্ত হয়ে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারে আগুন লাগিয়ে দেন। দোকানের ভেতরে পেট্রল-মবিল থাকার কারণে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং চঞ্চল পুড়ে অঙ্গার হন।

স্থানীয়দের অভিযোগ, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, চঞ্চলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাসংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language