হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী ফজলুর রহমান

কিশোরগঞ্জ, ২২ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত করেছেন। ভর্তির সময় তার অক্সিজেন স্যাচুরেশন ৯৩ শতাংশে নেমে এসেছিল। তবে বর্তমানে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে স্যাচুরেশন ৯৯ থেকে ১০০ শতাংশে স্থিতিশীল রাখা হয়েছে।
ডা. বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, শঙ্কামুক্ত হওয়ার বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।
এনএন/ ২২ জানুয়ারি ২০২৬









