আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ

ঢাকা, ২১ জানুয়ারি – জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়া হবে।

বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশের দিন ধার্য রয়েছে।

রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের শুনানি শেষে গত ১৫ জানুয়ারি ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন। ওই দিন পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ এবং জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

শুনানিতে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের বিরুদ্ধে জয়-পলকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তারা। এজন্য চার্জ গঠন না করার পাশাপাশি তাদের অব্যাহতির আবেদন করা হয়। তবে প্রসিকিউশন অভিযোগ গঠনের আর্জি জানান। ১১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। ওই দিন তিনটি চার্জ পড়ে শোনানোর পাশাপাশি দুই আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদনও করেন তিনি।

এই মামলায় তিনটি অভিযোগ রয়েছে— জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে পলক ফেসবুকে উসকানি দেন। এরপর ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী হামলা চালায়। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেন তারা। একইসঙ্গে হত্যায় সহায়তা করেন। এ ঘটনায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন শহীদ হন। তৃতীয় অভিযোগে তারা উত্তরায় ৩৪ হত্যায় সহায়তা করেছেন।

এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণ করতে বলা হয় এবং দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার থাকায় পলককে একই দিন আদালতে হাজির করা হয়। ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক চার্জ আদালত গ্রহণ করেন।

এনএন/ ২১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language