জাতীয়

শহীদ ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিচ্ছে সরকার

ঢাকা, ২০ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দিয়েছে সরকার। এ অনুদান মূলত রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য দেওয়া হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত রাখা হয়েছে।

গৃহায়ণ মন্ত্রণালয়ের ‘আবাসিক ভবন’ বাবদ চলতি অর্থবছরে রাখা ছয় কোটি টাকার বরাদ্দের মধ্যে থেকে এ অর্থ খরচ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের সময় পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর গণসংযোগে বিজয়নগর এলাকায় গেলে তাকে চলন্ত মোটরসাইকেলে বসা আততায়ী গুলি করে আঘাত করেন।

গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।

এনএন/ ২০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language