মানবতাবিরোধী মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢাকা, ২০ জানুয়ারি – জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল অভিযোগ গ্রহণের পর এই আদেশ দেন। মামলার আসামিদের মধ্যে আছেন শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।
অভিযোগে বলা হয়েছে, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় শামীম ওসমান ও তার অনুসারীরা দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন। আন্দোলন দমনের পরিকল্পনা করা হয় নারায়ণগঞ্জ ক্লাবে। অভিযোগে আরও বলা হয়েছে, রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এই সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে মাঠে নামেন। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন বলে অভিযোগে উল্লেখ আছে। এর ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলাটি দায়ের করা হয়েছে।
এনএন/ ২০ জানুয়ারি ২০২৬









