চট্টগ্রাম

চট্টগ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে দুর্বৃত্তদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রাম, ১৯ জানুয়ারি – চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযান চলাকালীন স্থানীয় সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‌্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব, যিনি র‌্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ রাত ৮টার দিকে গণমাধ্যমকে জানান, “সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র‌্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হয়েছেন।”

র‌্যাব-৭ সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জঙ্গল সলিমপুরে অভিযান চলাকালীন সন্ত্রাসীদের হামলায় চারজন গুরুতর আহত হন। এর মধ্যে একজন র‌্যাব সদস্য চিকিৎসাধীন অবস্থায় নিহত হন, বাকিরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও র‌্যাব সূত্র জানিয়েছে, অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালায়। তারা এক পর্যায়ে র‌্যাবের কয়েকজনকে আটক করে এবং প্রকাশ্যে গুলি ছোড়ে।

জঙ্গল সলিমপুর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থেকে দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে অবস্থিত। এটি সীতাকুণ্ডে হলেও নগরের কাছাকাছি। পূর্বে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা রয়েছে।

এ অঞ্চল দুর্গম পাহাড়ি হওয়ায় দীর্ঘদিন ধরেই সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত। গত বছরের ৫ আগস্ট দেশের রাজনীতির পরিবর্তনের পর এলাকাটি নিয়ন্ত্রণ করতে সংঘর্ষ ও খুনোখুনি হয়েছে। সম্প্রতি দুটি সন্ত্রাসী পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হন। পরদিন প্রতিবেদনের জন্য গেলে দুই সাংবাদিক হামলার শিকার হন।

চলতি চার দশকে সরকারি পাহাড় কাটার মাধ্যমে এখানে কয়েক হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে। এই প্লট বাণিজ্য ও দখল রক্ষার জন্য সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে, প্রবেশের জন্য পরিচয়পত্র প্রয়োজন, বাসিন্দা ছাড়া কেউ ঢুকতে পারেন না। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অনবরত হামলার শিকার হয়েছেন।

২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর জঙ্গল সলিমপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের ওপর হামলায় অন্তত ২০ জন আহত হন। ২০২২ সালে সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাব ও প্রশাসনের গুলি বিনিময়, এবং অবৈধ বসতি উচ্ছেদের সময় হামলার ঘটনা ঘটেছে।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language