জাতীয়

কালি নয়, রক্ত ও প্রাণের বিনিময়ে লেখা হয়েছে জুলাই জাতীয় সনদ

ঢাকা, ১৭ জানুয়ারি – গণভোট নিয়ে সরকারের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ কালি দিয়ে নয়—রক্ত ও প্রাণের বিনিময়ে লেখা হয়েছে। তিনি বলেন, সনদে যে ভবিষ্যৎ পথরেখা দেখানো হয়েছে, সে বিষয়ে জনগণের মতামত জানতে গণভোটের আয়োজন করা হচ্ছে।

শনিবার দুপুরে ঢাকার ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট নিয়ে ঢাকার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করা আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ আপনাদের কাছে কালো অক্ষরের ছাপায় পৌঁছেছে, কিন্তু বাস্তবে এটি লেখা হয়েছে রক্তবিন্দু ও প্রাণের বিনিময়ে। প্রতিবার এই সনদ খুললে আমি মায়ের আর্তনাদ, ভাইয়ের দীর্ঘশ্বাস শুনতে পাই।”

তিনি বলেন, “এই সনদ তৈরি হয়েছে গত ১৬ বছরের বেশি সময় ধরে গুম হওয়া মানুষের পরিবারগুলোর হাহাকার থেকে, সন্তান হারানো মায়েদের প্রতিদিনের অশ্রু থেকে। তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজপথে কাজ করা মানুষ, ছোট ব্যবসায়ী—সমাজের নানা স্তরের মানুষ যে প্রাণ দিয়েছেন, সেই প্রাণের বিনিময়েই এই সনদ।”

আলী রীয়াজ বলেন, রক্তে লেখা এই সনদ যে পথরেখা দেখাচ্ছে, জনগণ তার সঙ্গে আছে কি না—সেই প্রশ্নের উত্তর দিতেই গণভোট। “এটাই ‘হ্যাঁ’ আর ‘না’-এর বিষয়—আমি আছি, না আমি নেই।”

তিনি আরও বলেন, দেশের চাবি এখন জনগণের হাতে। সবার অংশগ্রহণে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। দায়িত্বশীলদের কাজ হলো এই সনদের গুরুত্ব সবাইকে বোঝানো, অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language