সিলেট ওসমানী হাসপাতালে হামলা-ভাঙচুর, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সিলেট, ১৭ জানুয়ারি – সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের সঙ্গে রোগীর স্বজনদের তর্ক, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে রোগীর স্বজনরা প্রথমে নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তারা ওয়ার্ডের ভেতরে ভাঙচুর শুরু করেন এবং শিক্ষানবিশ চিকিৎসকসহ দায়িত্বরতদের ওপর হামলা চালান। হামলার সময় এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্তা করা হয় এবং ওয়ার্ডে দায়িত্বে থাকা কয়েকজন কর্মী মারধরের শিকার হন। ঘটনার খবর পেয়ে দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকরা হামলার সঙ্গে জড়িত এক নারীসহ তিনজনকে আটক করেন। পরে ডাক্তার ও স্টাফরা মিলে রোগীর স্বজনসহ তিনজনকে মারধর করেন। পরে গভীর রাতে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নগরের অন্য একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করা ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকরা রাত থেকেই কর্মবিরতি পালন করছেন। এ ঘটনায় মামলা করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষানবিশ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। হাসপাতাল এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ও স্টাফদের তর্ক ও মারামারির খবর পেয়ে পুলিশের একাধিক দল হাসপাতালে যায়। ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। হাসপাতাল এলাকায় নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬









