আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকা, ১১ জানুয়ারি – বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই তালিকায় ভারতের রাজধানী দিল্লি রয়েছে দ্বিতীয় অবস্থানে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৮টা ২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ার (IQAir)–এর তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর মান সূচক (AQI) স্কোর ২৫৭। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ২২৭, যা সেখানকার বায়ুকেও খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করেছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, যার দূষণ স্কোর ২১৯। এ শহরের বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
বায়ুর মান সূচকের মানদণ্ড ০–৫০: ভালো, ৫১–১০০: মাঝারি/সহনীয়, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর, ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দূষণ দীর্ঘ সময় স্থায়ী হলে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
এনএন/ ১১ জানুয়ারি ২০২৬









