বাংলাদেশকে খুব ভালোভাবে চিনি, ঢাকায় ফিরতে পেরে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা, ১০ জানুয়ারি – বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থাকায় দেশটির সঙ্গে তিনি ভালোভাবেই পরিচিত—এ মন্তব্য করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকায় ফিরে আসতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। শপথগ্রহণের পর ঢাকার মার্কিন দূতাবাস নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানায়।
এক বিবৃতিতে দূতাবাস জানায়, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত।
শপথগ্রহণ অনুষ্ঠানে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।”
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে এবং প্রতিদিন নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে তিনি উচ্ছ্বসিত।
আগামী ১২ জানুয়ারি নবনিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূতের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
এনএন/ ১০ জানুয়ারি ২০২৬









